বিসিবি নির্বাচনে পরিবারতন্ত্রের অভিযোগ এনসিপির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:৩৩
| প্রিন্ট সংস্করণ
আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন কেন্দ্র করে গঠনতন্ত্র লঙ্ঘন, রাজনৈতিক দখলদারিত্ব, পরিবারতন্ত্র এবং ই-ভোটিংয়ের মাধ্যমে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ক্রিকেট বোর্ডকেও জিম্মি করার সুপরিকল্পিত নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ও স্পোর্টস সেল সম্পাদক আহনাফ সাঈদ খান, জাতীয় যুবশক্তির ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান রাকিব ও এনসিপির সদস্য আলিমুল ইসলাম নাঈম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আহনাফ সাঈদ বলেন, পূর্ববর্তী পরিচালনা পর্ষদের অনিয়ম খতিয়ে দেখতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাদের সংস্কারমূলক সুপারিশগুলো ধূলিসাৎ করে বিসিবি নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করা হয়েছে। গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চার বছর মেয়াদ শেষ হওয়ার আগেই কাউন্সিলর তালিকায় পরিবর্তন এনে প্রকৃত ক্রীড়া সংগঠকদের সরিয়ে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, বিসিবির বিভিন্ন পরিচালক ও কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে অনেকেই রাজনৈতিক নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রীর আত্মীয় অথবা রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সদস্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিভাগের ক্রীড়া সংস্থার প্রার্থী সাইদ বিন জামান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের বড় ভাই।
এ ছাড়া সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির চাচা। ফেনী জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী শরিফুল ইসলাম অপুকে স্থানীয় যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়।
খুলনা বিভাগের প্রার্থীদের মধ্যে শফিকুল আলমকে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ছোট ভাই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান আওয়ামী লীগের উপকমিটির সদস্য ছিলেন এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মুনতাসির আলম চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মীর শাকিল আল হাসান সীমান্ত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মির্জা ফয়সাল আমিনকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বলে উল্লেখ করা হয়।
- বিষয় :
- বিসিবি
