ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৬ বিষয়ের অনার্স কোর্স বাতিলের খবরে গুরুত্ব না দেওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার

৬ বিষয়ের অনার্স কোর্স বাতিলের খবরে গুরুত্ব না দেওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার
×

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৬:৩৮ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৬:৫৮

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত স্নাতকে (অনার্স) বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয় বিষয় না থাকা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিশিয়ালি জানানোর আগ পর্যন্ত, এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলব।’

তিনি বলেন, ‌এসব বিষয়ে অনার্স থাকবে না, এটা আমি মনে করি না। তবে আমরা কতগুলো জায়গায় রাখব, কয়টা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সে আলাপগুলো হয়তো হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। 

তিনি আরও জানান, প্রতি বছর আমাদের দেশে ২১ থেকে ২২ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করেন। সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে বাংলাদেশে সর্বোচ্চ ৭ থেকে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় না। 

সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায়। 

জাহেদ উর রহমান বলেন, ‘সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, তাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করা হয়েছে। ব্যক্তি হিসেবে যে কেউ চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে।’

কোরবানির বর্জ্য সরানো নিয়ে তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন থেকে কোরবানি পশুর ৫১ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ দেশীয় খামারিদের পশু দিয়েই কোরবানি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভোক্তাদের কথা চিন্তা করেই ডিজেলের দাম বাড়ায়নি সরকার। দেশে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে।

চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কিনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। দেশে মাত্র ৮টি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল রয়েছে। 

এছাড়া, সারা দেশে ৬৬৬টি খাল ইতিমধ্যে খনন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। 

সীমান্তে পুশইন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সীমান্তে পুশইন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। এটাতে বাংলাদেশ চাপে আছে, এমন মনে হচ্ছে না।’

আরও পড়ুন

×