একনেক বৈঠক ৮ প্রকল্প অনুমোদন
ফেরত দেওয়া হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত। ছবি: পিএমও
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৭:৫৭
চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণের জন্য প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটি আরও যাচাই বাছাইয়ের কথা বলা হয়। বৈঠকে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প ৩টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি। এসব প্রকল্পে ব্যয় ধরা হয় ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা। মোট ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়ন ২ হাজার ২২৯ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি টাকা। অনুমোদিত কোন প্রকল্পের বিদেশি ঋণ নেই।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ’ প্রকল্প। প্রায় ৪ হাজার ১৯০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি থেকে এক লাখ নতুন কর্মসংস্থান এবং ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের আশা করা হচ্ছে। কর্ণফুলী নদীর মোহনার কাছে ৮০০ একর জায়গাজুড়ে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীন প্রকল্প সহায়তা হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা দেবে। এটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্য ধরা হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ) প্রকল্প। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন প্রকল্প । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন) প্রকল্প ও দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরর বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় ৬টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প হওয়ায় পরিকল্পনামন্ত্রীর একক এখতিয়ারে এধরনের প্রকল্প অনুমোদনের বিধান রয়েছে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- একনেক