ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী

শ্রেষ্ঠ কৃষক পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে

শ্রেষ্ঠ কৃষক পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে
×

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৮:০৩

| প্রিন্ট সংস্করণ

দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষকের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কৃষক পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় ও ইতিবাচক খাত হচ্ছে কৃষি। কৃষকের সম্মান ও প্রণোদনা বৃদ্ধি করা সময়ের দাবি। কৃষকদের মূল্যায়ন করতে সরকার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার চালুর উদ্যোগ নেবে। 
নিজের পারিবারিক পটভূমির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবাও একজন কৃষক ছিলেন। কৃষকদের জীবন-সংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব
যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি তরুণদের সংগঠিত করে শক্তিশালী যুব সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নবগঠিত কমিটি সারাদেশে সংগঠনকে আরও শক্তিশালী এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গতকাল শনিবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির এটিই ছিল প্রথম কর্মসূচি।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় যুবদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্নাসহ কমিটির নেতারা 
উপস্থিত ছিলেন।

যুবদলের পদবঞ্চিতদের অবস্থান
জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন না করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। গতকাল দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদল ও যুবদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির ও রফিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

আরও পড়ুন

×