সবুজ ঢাকা গড়তে জেলা প্রশাসনের উদ্যোগ
প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন
বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২৩:০৩
| প্রিন্ট সংস্করণ
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বছরে প্রত্যেক নাগরিকের অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বনায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন।
গতকাল শনিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম এ উদ্যোগের কথা জানান।
জেলা প্রশাসক বলেছেন, ‘বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়। এটি আমাদের দায়। রাজধানীকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।’
জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণকে অনেক সময় আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখা হয়। বাস্তবে এটি কোনো শৌখিনতা নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বছরে প্রত্যেক নাগরিক একটি গাছ রোপণ করবেন– এমন কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢাকা ক্রমেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফরিদা খানম বলেন, সবুজ ঢাকা গড়তে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা উপহার দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
- বিষয় :
- ডিসি
