ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কর কমিয়ে আরও বিনিয়োগবান্ধব করা হবে টেলিকম খাত: রেহান আসিফ 

কর কমিয়ে আরও বিনিয়োগবান্ধব করা হবে টেলিকম খাত: রেহান আসিফ 
×

প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২২:১৩

টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়াতে ধাপে ধাপে কর কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, দেশে টেলিকম খাত থেকে সরকার তুলনামূলক বেশি কর আদায় করে। তবে খাতটিকে আরও বিনিয়োগবান্ধব করতে প্রতি দুই বছর অন্তর কর কমানোর উদ্যোগ নেওয়া হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্কে ৭০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেহান আসিফ বলেন, ডিজিটাল সেবার বিস্তার এবং টেলিযোগাযোগ খাতের উন্নয়নের লক্ষ্যে চলতি বাজেটে সিম করসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে সেবার মান উন্নত হবে এবং আরও বেশি মানুষ ডিজিটাল সেবার আওতায় আসবে।

উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যাতে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে পারেন, সে জন্যও বাজেটে বিভিন্ন ধরনের সুবিধা রাখা হয়েছে। একই সঙ্গে দেশে ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন প্রস্তুতকারকদের উদ্দেশে তিনি বলেন, তৈরি পোশাক খাতের মতো বাংলাদেশকে ইলেকট্রনিক পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ২০৩০ সালের মধ্যে এ খাতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য রয়েছে। 

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গত ২২ বছরে টেলিকম খাতের জন্য বাজেটে এত সুবিধা দেওয়া হয়নি। এবারের বাজেটে সিম কর কমানোসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সুফল সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী এবং গ্রামীণফোনের চিফ কর্পোরেট অফিসার তানভীর মোহাম্মদ বক্তব্য দেন।

আরও পড়ুন

×