ডিগ্রি না থাকলেও ডিপমাইন্ডে চাকরি
আবিদ রায়হান
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৩১
চাকরি পেতে নামিদামি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বা বড় ডিগ্রিই শেষ কথা নয়; দক্ষতা থাকলেও মিলতে পারে বড় অঙ্কের বেতনের চাকরি। এমনই চাকরির বিজ্ঞাপন ঘিরে চর্চা শুরু হয়েছে টেক দুনিয়ায়। ডিপমাইন্ড হলো গুগলের এআই গবেষণা সংস্থা। এ সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বছরে সর্বোচ্চ ১১ কোটি টাকার কাছাকছি বেতনের চাকরি অফার করছে। এতেই হইচই পড়ে গেছে সারাবিশ্বের টেক জগতে। তবে এ চাকরির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই পদের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত সার্টিফিকেট বা ডিগ্রি থাকতে হবে– এমন কোনো কঠিন বাধ্যবাধকতা নেই।
কাজ করতে হবে যেভাবে
গুগল ডিপমাইন্ডের নতুন দল পোলারিসে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। এই দলের কাজ হবে এআই পরিচালিত কোডিং এজেন্টের কার্যক্ষমতা পরীক্ষা করা এবং সেগুলোর দক্ষতা যাচাইয়ের জন্য মানোন্নত পদ্ধতি তৈরি করা। অর্থাৎ এআই প্রযুক্তির সহায়তায় কাজ করা কোডিং টুল কতটা ভালোভাবে কোনো জটিল কাজ করতে পারছে বা জটিল সমস্যা সমাধান করতে পারে, তা পরীক্ষা করা।
এই সংস্থার কয়েকজন কর্মী বলছেন, কোনো প্রার্থীর ডিগ্রি বা পদবি কী বা তার কী সার্টিফিকেট রয়েছে, তার চেয়েও বেশি প্রাধান্য পাবে এআইর সহায়তায় কতটা দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে পারে।
লাগামহীন বেতন
কয়েকটি প্রকাশিত প্রতিবেদন বলছে, এই পদে বছরে ৫ থেকে ১১ লাখ ডলার পর্যন্ত মোট পারিশ্রমিকের কথা বলা হয়েছে। তবে এ বেতনের সঙ্গে ট্যাক্স ও অন্য সব বিষয়ে কিছুটা কাটছাঁট হতে পারে।
বিতর্ক যেসব কারণে
তবে এ নিয়োগ ঘিরে বিতর্কও কম ছড়ায়নি। অনেকে বলছেন, বাস্তব দক্ষতাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বড় অঙ্কের বেতনের চাকরিপ্রাপ্তিতে ডিগ্রির সার্বিক গুরুত্ব কতটুকু কমানো সম্ভব? সব মিলিয়ে এআই প্রযুক্তির যুগে চাকরির বাজারে দক্ষতার গুরুত্ব যে বাড়ছে, এমন নিয়োগের খবর সেই আলোচনাকে আরেক দফায় উস্কে দিয়েছে। ডিপমাইন্ডে শুধু কম্পিউটার বিজ্ঞানী বা এআই গবেষকেরাই কাজ পাবেন এমন নয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, গবেষণা প্রকৌশলী, প্রোডাক্ট ম্যানেজার, ডিজাইনার, যোগাযোগ বিশেষজ্ঞ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পেশাজীবীর জন্যও বহুবিধ পদে কাজের সুযোগ থাকছে।
বাংলাদেশ থেকেও সুযোগ
বাংলাদেশে বসবাস করেও অনলাইনে আবেদন করা সম্ভব, যদি সংশ্লিষ্ট পদের শর্ত পূরণযোগ্য হয়। কিন্তু বাংলাদেশে বসে সরাসরি কাজ করার সুযোগ আছে— এমনটি ধরে নেওয়া ঠিক হবে না। চাকরির বিজ্ঞপ্তিতে নির্ধারিত কর্মস্থল, অফিসে উপস্থিতির শর্ত ও প্রয়োজনে ভিসা বা কাজের অনুমতির বিষয় আগে যাচাই করতে হবে।
- বিষয় :
- এআই