ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

কারাবন্দি মায়ের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা জানতে চান হাইকোর্ট 

কারাবন্দি মায়ের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা জানতে চান হাইকোর্ট 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৭:৫৫

সারা দেশের কারাগারে কারাবন্দি মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, তাদের সংখ্যা, বয়স ও যাবতীয় তথ্যসহ প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের যথাযথ নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ নিশ্চিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, সমাজকল্যাণসচিব, কারা মহাপরিদর্শকসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৮ মে একটি দৈনিকে ‘কারাগারে বিপন্ন শৈশব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটিসহ এ বিষয়ে প্রকাশিত অভিমত যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ সম্প্রতি হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন।

আদেশের পর আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মায়েদের সঙ্গে অবস্থানরত শিশুদের যথাযথ নিরাপত্তা, কল্যাণ ও বিকাশের পরিবেশ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২৯৯টি শিশু রয়েছে মায়েদের সঙ্গে। এসব শিশুর মায়েদের বেশির ভাগ মাদক মামলার আসামি। এর মধ্যে কন্যাশিশু ১৫৩টি আর ছেলেশিশু ১৪৬টি। এই শিশুদের মায়েরা কেউ সাজা খাটছেন, কারও বিরুদ্ধে মামলার বিচার চলমান।

আরও পড়ুন

×