হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারাকাত
অধ্যাপক আবুল বারাকাত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২০:২৪
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ এই মামলার জামিন শুনানিতে আইনজীবী শাহিনুর ইসলাম যেকোনো শর্তে আসামির জামিনের প্রার্থণা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানা গেছে।
আদালত সুত্রে জানা যায়, গত বছরের ১০ জুলাই ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়।
