ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের বর্ণনা দিলেন হেফাজতকর্মী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২০:৪১
আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন হেফাজতে ইসলামের কর্মী তাজুল ইসলাম সুমন।
বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ছয় নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। বর্তমানে তিনি কৃষিকাজ করে সংসার চালান। একই সঙ্গে হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করে বলেন, একসময় মানিকগঞ্জের একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন।
জবানবন্দিতে গুম-নির্যাতনসহ দীর্ঘ আট বছর কারাগারে থাকার বীভৎস বর্ণনা তুলে ধরে সাক্ষী তাজুল বলেন, ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’, এমন স্বীকারোক্তি আদায়ের জন্য জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হতো। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জুলুম-নির্যাতনসহ হেফাজতে ইসলামের বিরুদ্ধে গণহত্যা নিয়ে ফেসবুকে লেখালেখি করতেন। এ কারণে তাকে গুম করা হয়। ২০১৫ সালের ৪ নভেম্বর রাতে মানিকগঞ্জের মাদ্রাসাটি থেকে তাকে গুম করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় তাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানো হতো। জিজ্ঞাসাবাদে তার কাছে কয়েকজনের নাম সম্পর্কে জানতে চাইত। ট্রাইব্যুনালে জবানবন্দির একপর্যায়ে মিথ্যা মামলায় এত বছর আটকে রাখার জন্য শেখ হাসিনাসহ গুম-নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। আগামী ২২ জুলাই অবশিষ্ট জেরা করা হবে।
এ মামলায় ১৩ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিনজন। গুমের এ মামলায় গত বছরের ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
- বিষয় :
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
