গ্রেপ্তারের তথ্য ফাঁস, ওয়াহির ভিসা বাতিল করলো কানাডা
আইভরিকোস্ট স্ট্রাইকার এলে ওয়াহি। ছবি: ডেইলি স্পোর্টস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২০:৫৮ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২১:১৯
কয়েক সপ্তাহ আগের ঘটনা। ফ্রান্সে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আইভরিকোস্টের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলে ওয়াহি। মার্সেইয়ের আদালতে ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। গত বুধবার এবিসি নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। এরপর ওয়াহির ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা সরকার।
আগামী ২১ জুন কানাডার টরেন্টোয় জার্মানির বিপক্ষে ম্যাচ খেলবে ইকুয়েডর। ‘ই’ গ্রুপের এই ম্যাচে ওয়াহির ভিসা না পাওয়া প্রসঙ্গে আইভরিকোস্টের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির কানাডা যাওয়া হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে- ওয়াহিকে কানাডায় নিতে যে সমস্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে, তা অল্প এই সময়ে সম্ভব নয়।
ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে লিগ ওয়ানের ক্লাব নিসে খেলা ওয়াহি শুরুর একাদশে ছিলেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করবেন। আইভরিকোস্ট ফুটবল এই সময়ে ওয়াহিকে মানসিকভাবে সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।
মেটজের বিপক্ষে গত ১৭ মে লিগ ওয়ানের ম্যাচ ছিল। গোল শূন্য সমতার ম্যাচে ওয়াহি হলুদ কার্ড দেখেন। তার ওই হলুদ কার্ডে অপ্রত্যাশিত পরিমাণ বেটিং বিড হয়। বিষয়টি লিগ ওয়ান কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল ফেডারেশনকে অবগত করলে ওয়াহির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সাময়িকের জন্য গ্রেপ্তার দেখিয়ে জামিন দেওয়া হয়।
ওয়াহির বিরুদ্ধে মার্সেইয়ের আদালতে তদন্ত ও শুনানি চলবে। ততক্ষণ আন্তর্জাতিক ও লিগের খেলা চালিয়ে যেতে তার বাধা নেই। তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও কানাডা তাকে গ্রেপ্তার হওয়ার অভিযোগে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
