ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসার প্রস্তাব চীনের হাসপাতালের

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসার প্রস্তাব চীনের হাসপাতালের
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২২:১৭

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে চীনের গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতাল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রতি মাসে গড়ে অন্তত ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং।

অনুষ্ঠানে হাসপাতালটির অনকোলজি বিশেষজ্ঞ উ উই এবং বিএইচআরএফের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ উপস্থিত ছিলেন।

হি ল্যাংবিং বলেন, বিদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। হাসপাতালটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা জেসিআইয়ের সনদপ্রাপ্ত। এখানে ক্যানসারের আধুনিক ও ন্যূনতম আক্রমণাত্মক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়। ফুসফুস ও স্তন ক্যানসারের চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে লিভার ও অগ্ন্যাশয়ের রোগের জন্য পৃথক বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগী এই হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। কয়েক বছর ধরেই বাংলাদেশি রোগীরা সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন। তবে গত বছর থেকে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হি ল্যাংবিংয়ের ভাষ্য, বর্তমানে প্রতি মাসে প্রায় ৩০ জন বাংলাদেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসা নেওয়া রোগীদের অনেকের জীবনমানের উন্নতি হয়েছে এবং কেউ কেউ ক্যানসারমুক্তও হয়েছেন বলে তিনি দাবি করেন।

অনকোলজি বিশেষজ্ঞ উ উই বলেন, চিকিৎসার সময় রোগীদের শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয়, সে বিষয়ে হাসপাতালটি বিশেষ গুরুত্ব দেয়। কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে আনতে উন্নত প্রযুক্তি ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্যানসারের উন্নত চিকিৎসার ক্ষেত্রে তাদের হাসপাতালের ব্যয় ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দীর্ঘদিন ধরে সুনাম ও আস্থার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার কারণে বাংলাদেশি রোগীদের সুবিধার্থে ঢাকায় একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে। সেখান থেকে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×