৯৬ ঘণ্টা পর শূন্যরেখা থেকে উধাও সুমি ও তার দুই সন্তান
ছবি: ফাইল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২২:৪৬ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২২:৪৬
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় টানা ৯৬ ঘণ্টা ধরে অবস্থান করা পুশইন চেষ্টার শিকার সুমি আক্তার, পাঁচ মাসের কন্যা শিশু সুমাইয়া, চার বছরের কন্যা শিশু ফাতেমা এবং স্বামী বিল্লাল হোসেন উধাও হয়েছেন। ৯ জনের মধ্যে সুমি আক্তারের পরিবারটিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে না। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কোনো দপ্তর এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
বিজিবি’র দায়িত্বশীল সূত্র বলছে, সবশেষ গতকাল বুধবার রাত ১২টার দিকে সুমির পরিবার খাদ্য আর পুষ্টিহীনতার অভাবে অসুস্থ হয়ে পড়লে বিজিবির পক্ষ থেকে শূন্যরেখায় প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারটিকে খাবার দেওয়া হয়। এরপর আজ সকাল থেকে সুমির পরিবার নিখোঁজ। সমকালের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভোরের দিকে শূন্যরেখায় বিজিবির একটি গাড়ি এবং একটি আলাদা সাদা গাড়ি সীমান্তে দেখা যায়। এরপর থেকেই সুমির পরিবার নিখোঁজ রয়েছে। স্বামী আর দুই কন্যা সন্তান নিয়ে সুমি আক্তার কোথায় আছে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোনা মিয়া বলেন, বুধবার রাতে আমার পাট ক্ষেতে বিজিবি আর বিএসএফ এর মধ্যে দুইদিকে পতাকা হাতে নিয়ে কথা বলতে দেখেছি। এরপর সকালেই দেখি সুমির পরিবারটি নাই। আর বাকি পাঁচজন এখনো শূন্যরেখায় আছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী সমকালকে বলেন, সুমির পরিবারের বিষয়ে আমরা কিছুই জানি না। বিজিবি তাদের থানায় নিয়ে আসেনি।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সমকালকে বলেন, ‘বুধবার রাতে সুমির পরিবারটি অসুস্থ হওয়াতে আমরা ভারতের সীমানায় চিকিৎসা দিয়েছি। বৃহস্পতিবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে গিয়েছি। পরিবারটি কোথায় আছে আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’
উল্লেখ, গত ১৪ জুন ভোরে আন্তর্জাতিক ১০৬০ মেইন পিলারের ১-এস সাব-পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা সুমি আক্তার ও তার পরিবার, ২ যুবক ও পাশের আন্তর্জাতিক ১০৬৬ মেইন পিলার সংলগ্ন ভন্দুচর এলাকা দিয়ে মানকাচর সীমান্তে আরও ৩ যুবকসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয় জনতার বাঁধার মুখে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে আটকে পড়েন।
