ডা. জোবাইদার জন্মদিন
বগুড়ায় জিয়া শিশু হাসপাতালে বহিঃ ও অন্তঃবিভাগ চালু
ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃবিভাগের কার্যক্রম চালু করা হয়। ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২২:৩০ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২২:৩১
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃবিভাগের কার্যক্রম চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে আর দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পতিত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, এ কে এম মাহবুবুর রহমান, এম. আর. ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির প্রমুখ।
আয়োজকরা জানান, প্রায় দেড় যুগ ধরে এই হাসপাতালে রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসেন। চিকিৎসাসেবা বাড়াতে আরও বেশ কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে।
- বিষয় :
- বগুড়া
