কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ মেসিদের অনুশীলন
ছবি- এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২৩:২৭
আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের প্রতিপক্ষের পর এবার আবহাওয়ার বৈরিতার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের। কানসাসের তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ ও ইনসুলেটেড বুট পরে অনুশীলন করতে দেখা গেছে লিওনেল মেসিদের।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার কানসাসেই পরবর্তী ম্যাচের প্রস্তুতি হিসেবে অনুশীলনে নামে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই শহরে তখন পারদ চড়ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র এই গরমের প্রভাব কমিয়ে খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, কানসাসের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে এই বিশেষ ভেস্টের ব্যবস্থা। ফুটবল মাঠে এ ধরনের ভেস্ট খুব একটা দেখা যায় না, তবে ফর্মুলা ওয়ানের রেসাররা এটা নিয়মিতই পরেন। এটি মূলত ‘কুলিং ভেস্ট’। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কাতারের মতো প্রচণ্ড গরম ও আর্দ্রতার ট্র্যাকে রেসাররা নিয়মিত এই ভেস্ট পরেন।
আর্জেন্টিনা দলের কিট স্পন্সর প্রতিষ্ঠান পুরো স্কোয়াডের জন্যই এই বিশেষ কুলিং ভেস্ট সরবরাহ করেছে। শরীরের সঙ্গে সহজে খাপ খাইয়ে নেওয়া যায় এমন ইলাস্টিক উপাদানে তৈরি এই ভেস্টে একাধিক বিশেষ কম্পার্টমেন্ট থাকে, যেখানে দীর্ঘ সময় ঠান্ডা থাকে এমন বিশেষ কুলিং জেল রাখা হয়।
এই জেলগুলো মূলত খেলোয়াড়দের ত্বকের সংস্পর্শে এসে শরীরের মূল তাপমাত্রা কমিয়ে দ্রুত স্বস্তি দিতে সহায়তা করে। ভেস্টের পাশাপাশি পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেসিদের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ইনসুলেটেড বুট।
- বিষয় :
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল
