বাড্ডায় নিখোঁজ প্রতিবন্ধী সামসকে তিন মাসেও পাওয়া যায়নি
অপহরণের অভিযোগে আদালতে মামলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২৩:১৫
রাজধানীর বাড্ডা এলাকা থেকে সামস বিন ওবায়েদ (৪৩) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হন গত ১৭ মার্চ। পরদিন ১৮ মার্চ পরিবারের পক্ষ থেকে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। প্রায় তিন মাসেও তাঁর সন্ধান না পেয়ে আদালতে অপহরণ মামলা করেছে পরিবার। মামলায় সামসের সাবেক স্ত্রী এবং তাঁর এক বোন ও এক ভাইকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সামস বিন ওবায়েদের বাবা নেই। মায়ের সঙ্গে বাড্ডা এলাকায় বাস করতেন। পরিবারের সদস্যরা ২০১৪ সালে এক নারীর সঙ্গে তাঁর বিয়ে দেন। তাদের এক পুত্রসন্তান হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে স্ত্রী প্রায়ই বাসা থেকে বের হয়ে যেতেন। দু-তিন দিন পর বাসায় ফিরতেন। একসময় সামসের পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁর স্ত্রী সামসকে দিয়ে ভিক্ষাবৃত্তি করান। এ নিয়ে চাপ সৃষ্টি করলে ২০১৬ সালে বিয়ে বিচ্ছেদ হয় তাদের।
গত ১৭ মার্চ সামস বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে পরদিন বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, তারা এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, সামসকে তাঁর সাবেক স্ত্রী নিয়ে যাচ্ছেন। পরে বিষয়টি ওই নারীর এক বোনকে (মামলার ২ নম্বর আসামি) জানানো হলে তিনি স্বীকার করেন সামস তাঁর বাড়িতেই ছিলেন, তবে বর্তমানে নেই।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসীরুল আমিন সমকালকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে সামসকে তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে হেঁটে চলে যেতে দেখা যায়। এর আগেও একাধিকবার ওই স্ত্রীর সঙ্গে তিনি চলে গিয়েছিলেন। তাদের সন্ধানের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সামসের পরিবার আদালতে একটি পিটিশন মামলা করে। সেটি থানায় তদন্তাধীন আছে।
