ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তারেক রহমান-শি জিনপিং বৈঠক শুক্রবার, যা গুরুত্ব পাবে

তারেক রহমান-শি জিনপিং বৈঠক শুক্রবার, যা গুরুত্ব পাবে
×

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ও এএফপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৫:৫৮ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৬:৩৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে দুই নেতার আলোচনা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায়।

বৃহস্পতিবার বেইজিংয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর করেছেন মালয়েশিয়ায়। সেখানে থেকে চীনে গেছেন। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের ভূরাজনৈতিক ও কৌশলগত অবস্থান এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা।

লক্ষ্যের মধ্যে আরও আছে- চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করা। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিংয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এটিও গ্রেট হলে অনুষ্ঠিত হবে। দুই দেশের প্রধানমন্ত্রীরা বিভিন্ন বিষয়ে ১৫টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। 

বৃহস্পতিবার সকালে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং। সেখানে দুই দেশ তিস্তা মহাপরিকল্পনা, বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যার ঝুঁকি মোকাবিলাসহ বেশ কয়েকটি বিষয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংও ‘পার্টি-টু-পার্টি’ বৈঠক করেছেন। সেখানে বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন

×