ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি ফরিদা খানম

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি ফরিদা খানম
×

ফরিদা খানম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০১:৫৯

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে যাকাত সংগ্রহে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে ফরিদা খানম ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ফরিদা খানমের নেতৃত্বে দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যাকাত সংগ্রহ করা সম্ভব হয়েছে। এ অর্জনের ভিত্তিতে তাকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি, সমন্বয় সভা এবং যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসব উদ্যোগের ফলে যাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ বাড়ে এবং সংগ্রহের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার যাকাত সংগ্রহের তথ্য পর্যালোচনা করে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করতে উৎসাহ জোগাবে।

এ বিষয়ে ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে যাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যাবে। 

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

আরও পড়ুন

×