শেষ সময়ে ওয়াকআউট বিরোধী দলের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২২:৪৫ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ২৩:৩৮
বৈঠকের শেষ পর্যায়ে রোববার সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধী দল। দিনের বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে দুটি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ও পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল।
আগে নোটিশ না দিয়ে বিল দুটি আনায় আপত্তি জানায় বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপিরা। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময় মার্জনা করেছেন বলে জানান। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
জামায়াতের নাজিবুর রহমান মোমেন প্রশ্ন তুলেন তিনি বলেন, আগে বিলের কপি দেওয়ার কথা, তা না দিয়ে কেনো উত্থাপন করা হচ্ছে?
তখন ডেপুটি স্পিকার বলেন, তাঁর রেকর্ড অনুযায়ী ২৪ জুন বিল এসেছে। এর জবাবে নাজিবুর রহমান বলেন, রেকর্ডে থাকলেও তারা বিলের কপি পাননি।
বিল উত্থাপনের পর জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান।
ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, তাকে এ মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব না। এখন ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে। তিনি মির্জা ফখরুলকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।
তখন মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য সুখবর আছে।
ডেপুটি স্পিকর বলেন, বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য্য হয়ে যান! এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াক আউট করলাম’। এটা বলে তাঁরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
<
পরে মির্জা ফখরুল জানান, আগামীকাল বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মূলতবি করেন।
নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া, পয়েন্ট অব অর্ডার না দেওয়ায় তাঁরা সংসদ থেকে ওয়াক আউট করেন।
জামায়াতের আরেক এমপি জি এম নজরুল ইসলাম সমকালকে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দেওয়ার জন্য পয়েন্ট অব অর্ডার চাওয়া হয়েছিল। ডেপুটি স্পিকার সময় না দেওয়ায়, ওয়াক আউট করেছেন।
