কমল ফার্নেস তেলের দাম
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২০:৪৪
ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে, যা আগে ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। মঙ্গলবার রাত ১২টা থেকে নতুন এ মূল্য কার্যকর হচ্ছে। এর ফলে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে প্রতি লিটার ফার্নেস তেলের দাম এক দফায় ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পর এবার দাম আংশিক কমানো হলো।
নতুন দামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন রাষ্ট্রায়ত্ত চারটি বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে। এ তেলের সবচেয়ে বড় ক্রেতা সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা দেশের তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ করে।
আগে নির্বাহী আদেশে বিপিসি এ দাম নির্ধারণ করলেও অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে দেয়। এরপর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস তেলের দাম ঘোষণা করে।
আন্তর্জাতিক বাজারদর ও ডলারের বিনিময় হার বিবেচনায় পর্যায়ক্রমে ফার্নেস তেলের দাম সমন্বয় করা হচ্ছে।
- বিষয় :
- ফার্নেস অয়েল
- দাম
