ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্বকাপ বড়পর্দায় দেখার স্থানে নজরদারি থাকবে পুলিশের

বিশ্বকাপ বড়পর্দায় দেখার স্থানে নজরদারি থাকবে পুলিশের
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:০৩

| প্রিন্ট সংস্করণ

বড়পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের নজরদারি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, যেখানে বড়পর্দায় খেলা দেখানো হবে সেখানে ডিবি পুলিশের পক্ষ থেকে লোক থাকবে। গতকাল শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত। গতকাল শুক্রবার গুলশানে এক অনুষ্ঠানে তারা এই বার্তা দেন।

বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে গত বুধবার রাজধানীর আদাবরে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী স্মৃতি আক্তার বাদী হয়ে গতকাল শুক্রবার আদাবর থানায় মামলা করেছেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে। গতকাল পর্যন্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডিবি ও থানা পুলিশ গ্রেপ্তার করেছে ছয়জনকে এবং র‌্যাব দুজনকে।
ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, আদাবরে বাদশা হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন, নিরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে র‌্যাব-২ শুক্রবার দুজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে। তারা হলেন–মো. সুমন ও মো. শহীদ। র‌্যাব বলছে, শহীদ হামলার হুকুমদাতা এবং সুমন প্রধান অভিযুক্ত। এর আগে আদাবর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে আদাবরের নবোদয় হাউজিংয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় দ্বন্দ্বের সূত্রপাত হয়। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় হাবিব নামের এক ব্যক্তি নীরব নামের এক যুবককে মারধর করেন। পরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা গ্রুপের সঙ্গে একই এলাকার রিপন ও পারভেজ গ্রুপের মারামারি হয়।
এ নিয়ে বুধবার দুই পক্ষ মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশে বসে। সালিশের শেষ পর্যায়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১১টার দিকে বাদশার মৃত্যু হয়। সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।

আরও তিন স্থানে সংঘর্ষ
বিশ্বকাপ শুরুর আগে ৩ জুন হবিগঞ্জের কাশিপুর গ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২৫ জন আহত হন। 
এদিকে ব্যানার ও পতাকা টানানোকে কেন্দ্র করে গত ৮ জুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে মারামারিতে আহত হন চারজন। একই দিন লক্ষ্মীপুর সদর উপজেলার যাত্রাপুর তুলগাছতলা এলাকায় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক আহত হন।
‘মারামারি নয়, খেলা উপভোগ করুন’
বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার মধ্যেই শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত। তাদের আহ্বান, প্রিয় দলকে সমর্থন করুন, তবে প্রতিদ্বন্দ্বিতা থাকুক শুধু মাঠে, মাঠের বাইরে নয়।

শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ব্রাজিলের রাষ্ট্রদূতের কাঁধে হাত রেখে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ‘আমরা কিন্তু বন্ধু।’ জবাবে ব্রাজিলের রাষ্ট্রদূত উপস্থিত ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শান্তি বজায় রাখুন, মারামারি করবেন না। শুধু খেলাটা উপভোগ করুন।’
দুই দিনের এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিচ্ছে। ফাইনাল অনুষ্ঠিত হবে আজ ৪ জুলাই। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজন করেছে এ টুর্নামেন্ট। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে মানুষের যে উন্মাদনা, তা বিশ্বজুড়েই পরিচিত।
ব্রাজিলের রাষ্ট্রদূত ফার্নান্দো বলেন, ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি আনন্দেরও প্রতীক। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলাটিকে উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়। 
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্র করে। 
 

আরও পড়ুন

×