ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্বকাপে স্নিকো নাটক

বিশ্বকাপে স্নিকো নাটক
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৯:২৬

ফুটবলে নির্ভুল ম্যাচের জন্য ব্যবহৃত হয়ে আসছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি। কিন্তু উত্তর আমেরিকা বিশ্বকাপে এবার ভিএআর নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ভিএআরের মাধ্যমে রেফারি সিদ্ধান্ত দিলেও তা মনঃপূত হয়নি অনেক দলের। যেমনটি হয়েছে পর্তুগাল-ক্রোয়েশিয়ার মধ্যকার শেষ বত্রিশের লড়াইয়ে। ইয়োশকো ভার্দিওলের ১০৩ মিনিটে করা ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল বাতিল করে দেন রেফারি। ভিএআরের হস্তক্ষেপে নেওয়া সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠে প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন ক্রোয়েশিয়ার সমর্থকরা। চলতি আসরে এ নিয়ে ১০টি গোল বাতিল হলো ভিএআরের হস্তক্ষেপে। ২০২২ সালে হয়েছিল ৯টি।

পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে মনে হচ্ছিল, ক্রোয়েশিয়া খাদের কিনারা থেকে বেঁচে গেল এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু নাটকের তখনও বাকি ছিল! বলের ভেতরে থাকা বিশেষ ‘স্নিকো’ প্রযুক্তি, যা যে কোনো হালকা স্পর্শও ধরে ফেলতে পারে। তাতে দেখা যায়, বলটি ডি-বক্সে আসার সময় ইগর মাতানোভিচের মাথায় সামান্য ছুঁয়ে গিয়েছিল। আর এই স্পর্শের কারণেই বল পাওয়ার মুহূর্তে পাসালিচ অফসাইড পজিশনে চলে যান। ক্রিকেটে বহুল ব্যবহৃত ‘স্নিকো’ প্রযুক্তির আদলে ব্যবহৃত এই প্রযুক্তি ম্যাচের বলের ভেতরে থাকা ওয়েভফর্ম সেন্সরের মাধ্যমে ক্ষুদ্রতম স্পর্শও শনাক্ত করতে পারে এবং তা তাৎক্ষণিকভাবে ভিএআরের কাছে পাঠায়।

সাধারণত অফসাইডের সিদ্ধান্তের জন্য মাঠের রেফারির স্ক্রিন দেখার প্রয়োজন হয় না, তবে এবার রেফারি এস্পেন এসকাসকে মনিটরে গিয়ে ঘটনাটি দেখার জন্য ডাকা হয়, যা বেশ অস্বাভাবিক ছিল। ভিডিও রিভিউ দেখার পর তিনি গোলটি বাতিল করে দেন, আর তাতেই পর্তুগালের শেষ ষোলোর টিকিট প্রায় নিশ্চিত হয়ে যায়। 

ম্যাচ শেষে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, অফিসিয়াল ম্যাচ বল অ্যাডিডাস ট্রিওন্ডায় ব্যবহৃত ‘কানেক্টেড বল টেকনোলজি’র তথ্য অনুযায়ী, গোল হওয়ার আগে ইগর মাতানোভিচ বল স্পর্শ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই রেফারি সঠিকভাবে অফসাইড শনাক্ত করে গোল বাতিল করেন। ফিফা আরও জানায়, ট্রিওন্ডা বলের ভেতরে থাকা আইএমইউ সেন্সর অত্যন্ত ক্ষুদ্র স্পর্শও শনাক্ত করতে সক্ষম। সম্প্রচারে সেটি ‘হার্টবিট গ্রাফিক’ হিসেবে দেখানো হয়, যা ম্যাচ কর্মকর্তাদের দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

আরও পড়ুন

×