হাইকোর্টে রুল
বাউল-ফকির, মাজারের ওপর হামলা নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০৮:৫৫
| প্রিন্ট সংস্করণ
বাউল, ফকির, সন্ন্যাসী এবং মাজার ও খানকার ওপর হামলার অভিযোগের বিষয়ে তদন্ত ও প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে পুলিশের আইজি, ডিএমপি কমিশনার এবং সিআইডিপ্রধানকে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, আইজিপি, ডিএমপি কমিশনার এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক-আল-জালিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বুধবার রুলসহ আদেশ দেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বাউল-ফকিরের ওপর নির্যাতন, তাদের একতারা কেড়ে নিয়ে ভেঙে ফেলা, আখড়ায় আক্রমণ ও গান বন্ধের ফতোয়া দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। জোরপূর্বক শত শত বাউল, ফকির ও সন্ন্যাসীর চুল ও মাথার জটা কাটা হয়েছে।
এসব ঘটনায় সংক্ষুব্ধ হয়ে নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মুহসিন, সুরেশ্বর দরবার শরিফের পীরসাহেব হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, অধ্যাপক গীতিআরা নাসরিন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান এবং অন্য সচেতন নাগরিকদের পক্ষে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
- বিষয় :
- হাইকোর্ট
