সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার: মীর শাহে আলম
বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৮:৩৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিনি সমন্বয় ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মন্ত্রীর অনুমোদনের মাধ্যমে হওয়ায় দায়িত্ব পালনে তিনি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন।
রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কোনো কারণেই তাকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তিনি বলেন, তিনি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করেন। বগুড়ার মানুষ হওয়ায় এবং রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগ হয়েছে। প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং জানেন, তবে এটুকুই তাদের সম্পর্ক। এ বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপন না করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তাঁর পরিবার নানা নির্যাতন ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। ক্ষমতায় আসার পরও পরিবারের সদস্যদের নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে পরিবারের কেউ কোনো দায়িত্ব পেলে সেটিকে বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তাঁর ছেলে পরিচালক নির্বাচিত হওয়ার পর সমালোচনা শুরু হলে নিজেই ছেলেকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, প্রথম বোর্ড সভার পরদিনই তাঁর ছেলে পদত্যাগ করেন, তবে বিষয়টি গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি।
সম্পদ নিয়ে ওঠা সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, তাঁর নির্বাচনী হলফনামায় সব সম্পদের তথ্য প্রকাশ করা হয়েছে। ব্যক্তি নামে নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে জমি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস বৈধ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে।
তিনি বলেন, কাউকে দুর্নীতিগ্রস্ত বা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা প্রয়োজন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের আংশিক নয়, পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরারও আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁর কোনো ভুল বা অনিয়ম নজরে এলে সংবাদ প্রকাশের পাশাপাশি তাঁকে জানালে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সরকারের কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
- বিষয় :
- স্থানীয় সরকার নির্বাচন
- প্রতিমন্ত্রী