রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৮:৫০
রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণ মামলার ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সদস্যরা। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, চারঘাটের বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চারঘাট থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলার ৮ ঘণ্টার মধ্যে র্যাব তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।
- বিষয় :
- রাজশাহী