দলীয় বিভাজনের পরিবর্তে ভালো–মন্দের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে: সারজিস
জুলাই পদযাত্রায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সমকাল
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২০:২৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলীয় বিভাজনের পরিবর্তে ভালো–মন্দের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজি, জমি দখল, মাদক ও খুনখারাপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা ভালো কাজ করবেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন সম্ভব।
আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গিয়ে মানুষের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি সরকারের সমালোচনা করেন। সারজিসের দাবি, সরকার বিদ্যুৎ সংকট না থাকার কথা বললেও দেশের বিভিন্ন এলাকায় এখনো লোডশেডিং হচ্ছে। তিনি বলেন, ‘মানুষ শুধু আশ্বাস বা কথার ফুলঝুড়ি চায় না, কথার সঙ্গে কাজের মিল দেখতে চায়।’
বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘৬৪ জেলার কথা বাদ দিলাম, আপনার নিজ জেলা সিরাজগঞ্জের মানুষই সাক্ষ্য দেবে—এখানে লোডশেডিং হচ্ছে।’
কর্মসংস্থান প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনী ইশতেহারে বিপুলসংখ্যক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো অনেক তরুণ বেকার। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে তরুণদের হতাশা আরও বাড়বে।
সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবিকে আরও সক্ষম করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় নেতা মাহিন সরকার ও সারোয়ার তুষার এবং জাতীয় যুব শক্তির সহ-সাংগঠনিক সম্পাদক ও এনসিপি-মনোনীত উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশাররফ আদনান।
এর আগে, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা বের হয়ে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এনসিপি জানায়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হচ্ছে।