দুই চালকের হাতাহাতি, বাসচাপায় প্রাণ গেল পথচারীর
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২০:৪২
শেরপুরের নকলায় যাত্রী তোলা নিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার চালকের মধ্যে হাতাহাতির একপর্যায়ে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নকলা পৌরসভার হলপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের উত্তর গণপদ্দি গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি স্থানীয় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলপট্টি মোড়ে যাত্রী তোলা নিয়ে রংধনু পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বাসচালক চলন্ত বাসটি হেলপারের কাছে রেখে নিচে নেমে যান। কিন্তু হেলপার বাসটির স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সড়কের পাশে থাকা পথচারী আব্দুল কাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, যাত্রী তোলা নিয়ে বাসচালক ও সিএনজিচালকের মধ্যে হাতাহাতির সময় দুর্ঘটনাটি ঘটে। বাস, চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত