সিলেটে আবার নতুন ডিসি দিল সরকার
আব্দুল্লাহ আল মামুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:২৩ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২২:৪৮
আগের সিদ্ধান্ত বদলে সিলেটে নতুন করে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সেখানে ডিসি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেটে আগে দায়িত্ব পাওয়া মু. রেজা হাসানকে বদলির ১১ দিনের মাথায় নতুন ডিসি দেওয়া হয়েছে। প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্রের দাবি, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর আপত্তির কারণেই শেষ মুহূর্তে রেজা হাসানের যোগদান আটকে যায়। এরপর আজ নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, প্রজ্ঞাপন জারির পরও সিলেটে দায়িত্ব গ্রহণ করতে পারেননি নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) রেজা হাসান। তিনি সেখানে যোগদান করতে পারবেন কিনা– এ বিষয়ে স্পষ্ট কিছু বলেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। বরং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল গত ১ জুলাই রেজা হাসান কুমিল্লা থেকে সিলেটে যাবেন। পরে ওইদিনেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিনি যাচ্ছেন না। কবে যাবেন, তা পরে জানানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় রেজা হাসানকে।
এদিকে কুমিল্লায় তার স্থলাভিষিক্ত রোজী আকতার গত ১ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। একাধিক প্রশাসনিক সূত্র জানিয়েছে, ওই দিনই রেজা হাসানকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা যায়।
এর আগে, ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। দায়িত্ব পালনকালে সারওয়ার আলম কয়েকটি আলোচিত পদক্ষেপ নিয়েছিলেন। সবচেয়ে বেশি আলোচনায় আসেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থের ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নিয়ে। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করা হলে মাজার কর্তৃপক্ষ ও একাংশ ভক্ত-অনুসারী এর বিরোধিতা করেন। অন্যদিকে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে অনেকেই সেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন।
- বিষয় :
- সিলেট
- জেলা প্রশাসক
- জনপ্রশাসন মন্ত্রণালয়