শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ
ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২২:০৫ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২২:৩৬
জিম্বাবুয়ের টপ অর্ডারে ধাক্কা দিয়েও অল্প রানে আটকাতে পারেনি বাংলাদেশ। ওপেনার বেন কারেন সেঞ্চুরি তুলে নেন। তবু তাদের নাগালের মধ্যেই রেখেছিল সফরকারীরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ২৪৮ রান করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে ১৩ রানে। এক ম্যাচ হাতে থাকতে সিরিজ হারের লজ্জায় ডুবেছে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিক জিম্বাবুয়ে। তাসকিনের বলে বোল্ড হয়ে শূন্য করে ফিরে যান ব্রায়ান ব্যানেট। রান পাননি তিনে নামা ইনোসেন্ট কায়া (৪) কিংবা ক্রেগ আরভিন (৯)। ৩২ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ে ৩৪ রানের ছোট্ট জুটি গড়ে চতুর্থ উইকেট হারায়। ফিরে যান ওয়েসলি মেধেভেরে (১৫)।
দলের ধাক্কা সামলাতে ওপেনার বেন কারেন ও ছয়ে নামা সিকান্দার রাজা ৭০ রানের জুটি গড়েন। রাজা ৫৩ বলে ৩৩ রান করে ফিরে যান। ১৩৪ রানে পঞ্চম ও ১৪৮ রানে ষষ্ঠ উইকেট হারানো জিম্বাবুয়ে সপ্তম উইকেট জুটিতে ৯৯ রান যোগ করে। ওপেনার কারেন ১৩৫ বলে ১১১ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার মারেন তিনি। ব্রাড ইভান্স ৩৮ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থ হন সৌম্য সরকার (৫) ও নাজমুল শান্ত (৯)। তৃতীয় উইকেট জুটিতে ৮৪ রানের জুটি গড়ে ধাক্কা সামলে নেন ওপেনার তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। তামিম ৭০ বলে ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন। দলের ১৬৯ রানে তাওহীদ হৃদয় ৯০ বলে ৬০ রান করে ফিরে যান।
এরপরই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ ছয় ব্যাটার বাকি ৭৮ রান করতে পারেননি। ভরসা দেওয়া নুরুল হাসান ৪১ বলে ৩৮ রান করে আউট হন। মোসাদ্দেক ফিরে যান ৮ রান করে। ১১ বল থাকতে শেষ ব্যাটার হিসেবে মিরাজ সাজঘরে ফিরে যান ৩৩ বলে ২৭ রান করে। টেলেন্ডার রিশাদ (৮), তাসকিন (০) ও শরিফুল (৬) তাকে সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশকে ধসিয়ে দিতে রিচার্ড এনগ্রাভা ৩ উইকেট নিয়েছেন। ব্লেজিং মুজুরাবানি ও ব্রাড ইভান্স নিয়েছেন ২টি করে উইকেট।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে