ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২২:০২
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন নতুন রোগী। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪৩ জন। এ সময়ে মারা গেছেন ৬ জন। এর আগে জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৯০৭ জন এবং মারা যান ১৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক নতুন রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯৩ জন।
চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ১ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ের প্রথম ৯ দিনে ছয়জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।
- বিষয় :
- ডেঙ্গুতে মৃত্যু