সিলেটে হঠাৎ টিলা ধস, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নির্দেশনা
ধসে যাওয়া টিলার একাংশ। ছবি- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২২:০৪ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২২:৪৯
টানা ভারী বর্ষণে সিলেটের গোলাপগঞ্জে একটি টিলা ধসে বসতঘরের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষণাবন্দ পূর্বভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে গেলে সকাল ১০টার দিকে ময়না মিয়ার বাড়ির পাশের টিলার একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে। মুহূর্তেই বিপুল পরিমাণ মাটি এসে তার বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের পেছনের অংশ, বাথরুম ও সুরক্ষার জন্য নির্মিত গার্ডওয়াল মাটিচাপা পড়ে যায়। নিচের মাটি সরে যাওয়ায় পুরো ঘরটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতর থাকলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে নতুন করে ধস নামার আশঙ্কায় তারা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান। তিনি বলেন, বাড়িটি রাস্তা থেকে প্রায় ১৫ ফুট নিচে টিলার পাদদেশে অবস্থিত। টিলাধসে ঘরের পেছনের অংশ ও প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পাহাড় ও টিলার পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্কবার্তা দিয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, টিলাধসে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।