ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:৫৮

ঢাকা থেকে রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। আগামী ৭ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই রুটে সরাসরি ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে এয়ারলাইন্সটি টিকিট বিক্রি শুরু করেছে। রিয়াদ এয়ার অ্যাপ, ওয়েবসাইট কিংবা পছন্দের ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে।

যাত্রীরা এখনই রিয়াদ এয়ারের লয়্যালটি প্রোগ্রাম ‘স্ফিয়ার’-এর ‘ফাউন্ডিং মেম্বার’ হতে পারবেন এবং প্রথম ফ্লাইট থেকেই সেরা অফারের গ্যারান্টি, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধাসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পেতে পারেন।

গতকাল বৃহস্পতিবার এই বিমান সংস্থার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের জন্য বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের মূল লক্ষ্য। রিয়াদ এয়ারের এই নতুন সার্ভিস ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। বাণিজ্য ও অবকাশ, উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছে।

নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ঢাকার বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। উভয় দেশের স্থানীয় সময়ে ফ্লাইটের সময়সূচি হচ্ছে– রিয়াদ থেকে ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

রিয়াদ এয়ারলাইন্স-সংশ্লিষ্টরা জানান, এই সার্ভিস চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতার একটি মজবুত ভিত্তি রয়েছে। এই অংশীদারিত্ব এখন ভ্রমণ ও অবকাশের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ঢাকা-রিয়াদ রুটে এই প্রিমিয়াম সার্ভিস সেই যাত্রাকে আরও দৃঢ় করে তুলবে। এ ছাড়া রিয়াদ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবেও কাজ করবে। ফলে রিয়াদ এয়ারের নেটওয়ার্ক ও কোডশেয়ার পার্টনারশিপের মাধ্যমে ঢাকার যাত্রীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে সহজেই পৌঁছাতে পারবে।

আরও পড়ুন

×