ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মরক্কোর সংবাদ সম্মেলনের বিশৃঙ্খলা গড়াল হাতাহাতিতে

মরক্কোর সংবাদ সম্মেলনের বিশৃঙ্খলা গড়াল হাতাহাতিতে
×

মরক্কোর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতাহাতি। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:৩৮ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২১:৫৬

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ব্রাহিম দিয়াজ। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কোচও ছিলেন। হাসিমুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্পেনের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে শিকড় মরক্কোর কাছে ফিরে যাওয়া দিয়াজ। হঠাৎ থমকে যান তিনি। কারণ সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত দুই সাংবাদিক কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন।

সেই কথার লড়াই উত্তপ্ত হয়ে ওঠে। রূপ নেয় হাতাহাতিতে। শেষ পর্যন্ত কর্মকর্তাদের হস্তক্ষেপে দুই সাংবাদিককে আলাদা করা হয়।  পরিস্থিতির বর্ণনা দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, বিতর্কের এক পর্যায়ে এক সাংবাদিক চিৎকার করে বলেন, ‘তুমি আমার গায়ে হাত তুললে কেন? তুমি কোনভাবেই আমাকে মারতে পারো না।’

আয়োজকদের হস্তক্ষেপে ওই হাতাহাতি থামে। এরপর দিয়াজ়কে তার প্রশ্নের উত্তর দিতে বলা হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে আমি প্রশ্নটাই ভুলে গিয়েছি।’ পরে মরক্কোর কোচ মোহম্মদ ওয়াহবি বলেন, ‘ম্যাচের প্রস্তুতি নিয়ে লুকানোর কিছু নেই। আমরা কীভাবে খেলতে চাই, সেটা সবাই আগের ম্যাচগুলো দেখলেই বুঝতে পারবেন।’ 

ফ্রান্সের খেলার ধরন সম্পর্কেও পরিষ্কার ধারনা আছে বলে দাবি করেন ওয়াহবি। তার মতে, যারা মাঠে পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারবে, শেষ পর্যন্ত জিতবে তারাই। এছাড়া কাতার বিশ্বকাপের সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচের কোন মিল নেই বলেও মন্তব্য করেন তিনি, ‘প্রতিটি ম্যাচই আলাদা। আমাদের এবারের দলও আলাদা, ফ্রান্সও ভিন্ন দল। দুই দলই আরও শক্তিশালী হয়েছে।’ 

আরও পড়ুন

×