কেবল চার সতীর্থকে ফলো করেন রোনালদো, টিমম্যানশিপ নিয়ে প্রশ্ন
পর্তুগালের জার্সিতে রোনালদো। ছবি: জি গ্লোবো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২০:১৩
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। টুর্নামেন্টে পর্তুগাল দল হিসেবে খেলতে পারেনি এমন প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থরা সিআরসেভেন’কে বল পাস দেননি এমন অভিযোগ আছে। আর্জেন্টিনার ফুটবলাররা মেসির জন্য খেললেও পর্তুগিজরা রোনালদোর জন্য খেলে না, এমন দাবিও উঠেছে।
তবে এক ভক্ত খুঁজে বের করেছেন ভিন্ন চিত্র। পর্তুগালের ফুটবলাররা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন না। মাত্র দু’জন ফুটবলার আছেন, যারা বিশ্বকাপ দলে থাকা ২৬ জনকেই ফলো করেন। তালিকায় সবার নিচে আছেন ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়া রোনালদো। তিনি দলের মধ্যে ব্রুনো ফার্নান্দেজ, ডিয়াগো ডালত, রাফায়েলি লিও এবং জোয়াও ক্যানসেলোকে ফলো করেন।
পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং বেঞ্চে থাকা গোলরক্ষক জোসে সাঁ কেবল দলের সকলকে ইনস্টাগ্রামে ফলো করেন। নেলসন সেমেদো ও ভিতিনিয়া ২৪ জন সতীর্থকে ইনস্টায় ফলো করেন। রোনালদোকে ফলো করেন না পর্তুগালের তিন ফুটবলার। তারা হলেন- রুবেন দিয়াজ,নুনো মেন্ডেস ও রেনাতো ভিয়েগা।
কম ফলো করার দিক থেকে রোনালদোর পরে আছেন বেনার্ড সিলভা। তিনি বিশ্বকাপ দলে থাকা ১১ জনকে ফলো করেন। রুবেন নেভাস ফলো করেন ১২ জনকে। গোলরক্ষক ডিয়াগো কস্তা ও ডিফেন্ডার টমাস আরাহো ১৫ জনকে ফলো করেন।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬