ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

‘ফিলিস্তিনিদের বাঁচতে দিন’ 

আবেগঘন বক্তব্যে বিশ্বজুড়ে প্রশংসিত মিসরের কোচ

আবেগঘন বক্তব্যে বিশ্বজুড়ে প্রশংসিত মিসরের কোচ
×

মিসরের প্রধান কোচ হোসাম হাসান

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৬:৪০ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৬:৪১

আর্জেন্টিনার বিপক্ষে মিসরের ম্যাচের আগে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। এ সময় তিনি ফিলিস্তিনিদের প্রতি আবেগঘন সমর্থন জানান। হাসান বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে বাঁচতে দিন।’ তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে গত মঙ্গলবার এই তথ্য জানা গেছে। আরবিতে বক্তব্য দিতে গিয়ে হাসান বলেন, এই পৃথিবীতে যদি এমন একজন মানুষও থাকেন, যিনি ফিলিস্তিনি জনগণের কষ্ট অনুভব করেন না, তাহলে তিনি মানুষই নন। এটি প্রযোজ্য আরব, ইউরোপীয়, আমেরিকান বা অন্য যে কোনো পরিচয়ের ব্যক্তিই হোন না কেন।

ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রতি বৈশ্বিক উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, মানুষ অনেক সময় কোনো প্রাণীর ক্ষতি হলে প্রতিবাদে সোচ্চার হয়, অথচ প্রতিদিন গাজায় হাজার হাজার মানুষ, শিশু ও নারী নিহত হচ্ছেন। হাসান ক্রীড়াবিদ ও গণমাধ্যমকর্মীদের প্রতি ফুটবলের বৈশ্বিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কথা বলার আহ্বান জানান। তিনি ফুটবলকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ‘সফট পাওয়ার’ বা নমনীয় কূটনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘অনুগ্রহ করে, অনুগ্রহ করে– সব ক্রীড়াবিদ ও গণমাধ্যমকর্মী, তাদের ধর্ম বা দেশের পরিচয় যাই হোক না কেন, হয়তো বিশ্বকাপের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে পারি– অনুগ্রহ করে। তারা কিছুই চান না, শুধু বেঁচে থাকতে চান।

তাঁর এই বক্তব্য আসে এমন একসময়ে, যখন কয়েক দিন আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসরের জয়ের পর হাসানকে ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করতে দেখা যায়। ম্যাচ শেষে তিনি ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে মিসরের টুর্নামেন্টে অগ্রযাত্রা উদযাপন করেন। তাঁর এই প্রতীকী পদক্ষেপ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফিলিস্তিনিদের প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হাসানের বক্তব্য আরব বিশ্বের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়। অনেকেই বলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিকে তিনি খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে একটি মানবিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করেছেন।

আরও পড়ুন

×