ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পরিবেশবান্ধব নগর গঠনে জেলা প্রশাসনের জিরো টলারেন্স: ফরিদা খানম

পরিবেশবান্ধব নগর গঠনে জেলা প্রশাসনের জিরো টলারেন্স: ফরিদা খানম
×

ছবি: সমকাল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৭:০৭

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্ন ঢাকা জেলা গড়ে তুলতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বনায়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে সবুজ ঢাকা, অঙ্গীকার আজকের বৃক্ষ—আগামীর নিঃশ্বাস স্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার সব উপজেলায় পরিচ্ছন্নতা ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন সমাজের সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করা গেলে বর্তমান ও আগামী প্রজন্ম উভয়ই উপকৃত হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে। নিজের বাড়ি, গ্রাম, মহল্লা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী থেকে উপজেলা পরিষদ পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

পরে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্জ্যের ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ঢাকা গঠনে করণীয় বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

কর্মসূচির অংশ হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া জিনজিরা ইউনিয়নের এলাকাবাসী এবং পি এম পাইলট স্কুলের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আরও পড়ুন

×