সলঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
ছবি- সমকাল
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৮:০৪
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মিশুকের দুই যাত্রী—মা ও তাঁর তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রংপুর থেকে ময়মনসিংহগামী মিখাইল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মিশুককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী নীলা বেগম ও তাঁর তিন বছর বয়সী ছেলে নিহত হন। আহত হন মিশুকে থাকা আরও তিন যাত্রী।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত