কথা বলতে বলতে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিল ৩ দুর্বৃত্ত
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:৩৩ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২১:৩৬
রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে মৌসুমী আক্তারের দেখভাল করছেন তার মা শাহনাজ বেগম। ৯ দিন ধরে মেয়ের পাশে হাসপাতালে আছেন শাহনাজ।
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়ের জন্য ডাব ও অন্যান্য কিছু খাবার কিনতে হাসপাতালের সামনে যান তিনি। এসময় প্রথমে এক যুবক এসে অশ্রুসিক্ত চোখে তার পরিচয় জানতে চান। শাহনাজের হাসপাতালে থাকার কারণ জানার পর ওই যুবক গল্প ফাঁদেন– তার মাও একই হাসপাতালে চিকিৎসাধীন। এরপর শাহনাজের সঙ্গে নানা আলাপ জমানোর চেষ্টা করেন। এরপরই আরও দুই দুর্বৃত্ত সেখানে আসেন। তারা তিনজন ওই নারীর সঙ্গে নানা কথাবার্তা বলতে শুরু করেন। অল্প সময় পর শাহনাজ টের পান, সেন্ট্রাল হাসপাতালের অদূরে একটি গলির মধ্যে তার অবস্থান। মোবাইল, নগদ টাকা ও গলায় থাকা প্রায় ভরি ওজনের স্বর্ণের চেইন নেই।
শাহনাজ বেগম সমকালকে জানান, প্রথমে এক ব্যক্তি আমার গতিরোধ করে। এরপর নানা ধরনের প্রশ্ন করতে থাকে। তার চোখে পানি দেখে মায়া হচ্ছিল। এরপর তার সঙ্গে আরও দু’জন যুক্ত হওয়ার পর কীভাবে সব কিছু হাতিয়ে নিয়েছে স্পষ্ট বলতে পারছি না।
এদিকে কৌশলে ওই নারীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনায় স্বজনের পক্ষ থেকে কলাবাগান থানায় অভিযোগ করা হয়েছে।
কলাবাগান থানার উপ–পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সমকালকে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ‘হিপনোটাইজ’ করে তার কাছে সব কিছু হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।