প্রধানমন্ত্রী শনিবার যাচ্ছেন ঢাকা মেডিকেলের বর্ষপূর্তি অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অভিভূত এটিএম বুথের নিরাপত্তা প্রহরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী শনিবার প্রতিষ্ঠানটিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমানও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বলছেন, এ আয়োজন মিলনমেলায় পরিণত হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার
রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার
তথ্য জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে যাওয়ার পথে দেখেন, পুরানা রমনা থানার কাছে একটি এটিএম বুথের সামনে নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁর এ নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ প্রধানমন্ত্রীর দৃষ্টি কেড়েছে। প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির জন্য উপহার দিয়ে পাঠান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি আব্দুস সালামের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি। ৮ মাসের মতো রমনা থানার সামনে ব্যাংকের বুথে দায়িত্ব পালন করছেন তিনি। এ চাকরির আগে তিনি গাড়ি চালাতেন। স্ট্রোক করার পর আর গাড়ি চালাতে পারেন না।
উপপ্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘কখনও কল্পনাও করিনি, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবো, আর প্রধানমন্ত্রী উপহার পাঠাবেন।’
‘নিরাপদ দেশ গড়াই আমাদের অঙ্গীকার’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’উপলক্ষে গতকাল বুধবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী