ঘুম ভাঙল না বাবা-মা আর ছেলের, পাহাড়ধসে বান্দরবানে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৯:৪৬ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ০৯:৪৯
বান্দরবানের লামা উপজেলার একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম পাহাড়ধসের ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ৪টার দিকে। এ সময় পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় আবারও পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একতলা পাকা ঘরের দেয়াল ধসে ও মাটিচাপায় স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।