ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালকসহ নিহত ৩

নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালকসহ নিহত ৩
×

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৯:৫৬

নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়মাটি এলাকার গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে ও ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস (৫৫) এবং গড়মাটি খানপাড়া এলাকার চাঁদ আলী খানের ছেলে শিপন খান (২৫)। রান্টু মিয়া ইজিবাইকটি চালাচ্ছিলেন, আর তৌলক্ষ্য ও শিপন ছিলেন যাত্রী।

স্থানীয়রা জানান, বনপাড়া থেকে ঈশ্বরদীগামী মালবোঝাই একটি ট্রাক গোপালপুর সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক রান্টু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন তৌলক্ষ্য বিশ্বাস ও শিপন খান। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নাটোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল ইসলাম শান্ত জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৌলক্ষ্য বিশ্বাস মারা যান। পরে শিপন খানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে যান। মরদেহগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন

×