কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, আগামী সপ্তাহ থেকে নিবন্ধন শুরু
কুসিকের মতবিনিময় সভা। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৯:৫২ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ২১:০১
কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে নগরীতে প্রায় ৪৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও এখন থেকে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
আজ বৃহস্পতিবার দুপুরে কুসিকের প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন প্রকল্পসংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় কুসিক নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য মডেল রুটসংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশিষ্ট নগর ও পরিবেশবিদ, স্থপতি ইকবাল হাবিব।
কুসিক প্রশাসক বলেন, আগামী সপ্তাহ থেকে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে। এসব প্লেটে অন্তত আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য (সিকিউরিটি ফিচার) থাকবে, ফলে জালিয়াতির সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, কেউ যদি প্রতারণার মাধ্যমে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালানোর চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসক বলেন, অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বেপরোয়া গতিতে চলাচলকারী এসব অটোরিকশার কারণে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এতে অনেকেই আহত ও পঙ্গুত্ববরণ করছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, একই দিন বিকেলে কুসিকের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। সভায় অন্যদের মধ্যে ছিলেন কুসিকের নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কুমিল্লা