ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে আমাকে উপস্থাপন করা উচিত নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে আমাকে উপস্থাপন করা উচিত নয়: প্রতিমন্ত্রী শাহে আলম
×

মীর শাহে আলম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:৫০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১১:৪৬

| প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তিনি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করেন। কোনো কারণেই তাঁকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপন করা উচিত নয়। বগুড়ার মানুষ হওয়ায় এবং রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও যোগাযোগ হয়েছে। 

বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন এবং জানেন। এটুকুই তাদের সম্পর্ক। এ বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপন না করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তাঁর পরিবার নানা নির্যাতন ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। ক্ষমতায় আসার পরও পরিবারের সদস্যদের নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে পরিবারের কেউ কোনো দায়িত্ব পেলে সেটিকে বিতর্কিত না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তাঁর ছেলে পরিচালক নির্বাচিত হওয়ার পর সমালোচনা শুরু হলে নিজেই ছেলেকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, প্রথম বোর্ড সভার পরদিনই তাঁর ছেলে পদত্যাগ করেন, তবে বিষয়টি গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি। 

সম্পদ নিয়ে ওঠা সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, ব্যক্তি নামে নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে জমি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস বৈধ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে।

আরও পড়ুন

×