প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২২:১৭
নানা জটিলতার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার। এ উপলক্ষে এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিন বছর বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তা অনলাইনে ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিউ) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ বৃত্তির ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়। অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গতকাল (৮ জুলাই) চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব প্রদান করা হয়। ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ হতে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিল। এছাড়া সদস্যরা হলেন উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন ও প্রশাসন ২-এর সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।
এর আগে, ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। পরের বছর তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালে ডিসেম্বরে ফের ‘পরীক্ষামূলকভাবে’ প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হয়।
এবার প্রাথমিকের বৃত্তির জন্য মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পাবে শিক্ষার্থীরা। ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা পাবে।
- বিষয় :
- বৃত্তি
- প্রাথমিক বিদ্যালয়