প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে বাছাই কমিটি পুনর্গঠন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের জন্য সুপারিশ করার লক্ষ্যে পাঁচ সদস্যের বাছাই কমিটি পুনর্গঠন করেছে সরকার। তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী গঠিত এ কমিটির নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে এই বাছাই কমিটি। সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন করে যোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।
কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সচিবিক সহায়তা দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
- বিষয় :
- তথ্যমন্ত্রী