ভ্রাম্যমাণ আদালত আরও কার্যকর করতে উচ্চ পর্যায়ের কমিটি
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২২:৪২ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ২২:৪২
দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও টেকসই করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন উপদেষ্টাকে সভাপতি করে গঠিত সাত সদস্যের এ কমিটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার সুপারিশ প্রণয়ন করবে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কমিটি অবিলম্বে কার্যক্রম শুরু করবে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে জনপ্রশাসন উপদেষ্টাকে। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব। এ ক্ষেত্রে ‘সচিব’ বলতে জ্যেষ্ঠ সচিবও অন্তর্ভুক্ত থাকবেন।
যে বিষয়গুলো পর্যালোচনা করবে কমিটি
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করে তা দূরীকরণে সুপারিশ করা হবে। একই সঙ্গে আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা, জনবল, উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ দেবে কমিটি। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধি কিংবা বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে কমিটির। প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করা হবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
- বিষয় :
- আদালত
- ভ্রাম্যমাণ আদালত