মৌসুমি বায়ু আরও সক্রিয়, ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ সোমবার রাজধানীর বনানী এলাকা থেকে তোলা ছবি: মামুনুর রশিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:১২ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৩৫
মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল থেকেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববারও একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর আরও সক্রিয় হয়ে পড়েছে। এ কারণেই নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। একই সময়ে বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮, রংপুরে ১০ এবং ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ বলেন, আজ দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এর আগে, গত রোববার রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। একই দিনে দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে।