জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি ন্যায়বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
সালাহউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সব মামলার বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। সরকারের উদ্দেশ্য প্রতিহিংসা নয়, ন্যায়বিচার নিশ্চিত করা। ভবিষ্যতে কোনোভাবেই যাতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রেখে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হবে।
গতকাল মঙ্গলবার সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ প্রসঙ্গে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পূর্ববর্তী গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
রংপুর-৪ আসনের এনসিপির দলীয় সদস্য আখতার হোসেন ৬৮ বিধিতে সংসদে নোটিশটি উত্থাপন করেন। আলোচনায় অংশ নিয়ে গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত ও রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও দাবি জানানো হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পক্ষে বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। বর্তমানে ৫৯০টি মামলা বিচারাধীন রয়েছে এবং আরও ১২টি মামলার তদন্ত শেষ হয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের অপেক্ষায় আছে।
আওয়ামী লীগের দলগত বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ দাবিতে বিএনপি শুরু থেকেই সোচ্চার ছিল। পরবর্তী সময় আইন সংশোধনের মাধ্যমে দলগত বিচারের আইনি ভিত্তিও তৈরি হয়েছে।
জুলাইযোদ্ধাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিচারের ব্যাপারে কোনো গড়িমসি জাতি সহ্য করবে না। তিনি বলেন, গণভোটে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কী এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারিনি।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১২টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে। তিনটি মামলার রায় হয়েছে। শাপলা চত্বরের হত্যাযজ্ঞের তদন্ত শুরু করা হয়েছে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের তদন্ত শুরু হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
- বিষয় :
- সালাহউদ্দিন আহমেদ