বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বিধিনিষেধ
১১ জুলাই টিএসসিতে বৃষ্টিতে ভিজে খেলা দেখছেন ফুটবলপ্রেমীরা। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৯:০৪
‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে পরদিন সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লেখিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য কোনো অতিথিদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
ক্যাম্পাসের প্রধান প্রবেশপথসমূহ— শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।
তবে জরুরি সেবার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবে। এর বাইরে অন্যান্য যেকোনো যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সার্বিক বিধিনিষেধের মধ্যেও পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ক্যাম্পাসে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- ঢাকা বিশ্ববিদ্যালয়