চট্টগ্রামে অ্যাসিড খেয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:২১
চট্টগ্রামে অ্যাসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
আজ শনিবার পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করে পুলিশ। রাজীব বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী বণিক পাড়ার মনোহরি বণিকের ছেলে। শুক্রবার দিবাগত রাত ১২টায় চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে। দোকানে থাকা অবস্থায় রাত ৮টার দিকে অ্যাসিড পান করেন রাজীব। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, রাজীব কী কারণে এডিস খেয়েছেন তা নিশ্চিত নয়। তবে অনেক দিন ধরে ব্যবসা ভালো যাচ্ছে না। মানুষের কাছে অনেক পাওয়া তাও পাচ্ছেন না। অনেকের কাছে দেনা আছে, তাও পরিশোধ করতে পারছেন না। এ নিয়ে খুব চিন্তিত ছিলেন সে। এ টেনশন থেকেই এডিস খেয়ে আত্মহত্যা করতে চেয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ।
পাঁচলাইশ মডেল থানার এসআই সফিউল আজম মুন্সী বলেন, মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি কেন অ্যাসিড খেলেন তা তদন্ত করা হচ্ছে।